মহেশতলার এম আর এপার্টমেন্টে ঋণের দায়ে এক দম্পতির আত্মঘাতী হওয়ার ঘটনায় শনিবার সকাল থেকে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত দম্পতির নাম তন্ময় দে (৫৩) এবং রুমা রক্ষিত দে (৪৮)। পুলিশ সূত্রে খবর, তাঁরা মহেশতলা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মোল্লার গেট সংলগ্ন কুড়ি ফুট এলাকায় অবস্থিত এম আর এপার্টমেন্টের চার তলায় গত পাঁচ বছর ধরে ভাড়াবাড়িতে বসবাস করছিলেন।

শেখ সাইফুদ্দিন, মহেশতলা : জানা গিয়েছে, দু’জনেরই আগের স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছিল। পরে তাঁরা রেজিস্ট্রি বিবাহের মাধ্যমে সংসার শুরু করেন। প্রতিবেশীদের মতে, দম্পতির মধ্যে কখনও অশান্তির খবর পাওয়া যায়নি। শান্ত স্বভাবের এই দম্পতি সাধারণ জীবনযাপন করতেন এবং তাঁদের ব্যবহার ছিল অত্যন্ত ভদ্র ও নম্র।
শনিবার সকালে মৃত তন্ময় দের এক আত্মীয় ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। একাধিকবার ফোন করা হলেও কোনও সাড়া না মেলায় তিনি সন্দেহ করেন। এরপর তিনি এম আর এপার্টমেন্টে এসে দেখেন দীর্ঘক্ষণ ধরে ফ্ল্যাটের দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোনও সাড়া না পাওয়ায় অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের সহযোগিতায় দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়।
ভিতরে ঢুকে দেখা যায়, স্বামী ও স্ত্রীর নিথর দেহ খাটের উপর পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা জিনজিরা বাজার পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেহালা বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুমান, ঘুমের ওষুধ খেয়েই আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। ঘর থেকে কোনও আত্মহত্যার নোট এখনও উদ্ধার হয়নি। তবে তদন্তকারীদের অনুমান, দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও ঋণের চাপ থেকেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
আরো পড়ুন : ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট! পুলিশের জালে ভাটপাড়ার রিয়া
প্রতিবেশীরা জানিয়েছেন, ওই দম্পতি কখনও কারও সঙ্গে ঝামেলায় জড়াননি। বাইরে থেকে দেখে তাঁদের সংসার সুখের বলেই মনে হতো। এই আকস্মিক ঘটনায় এলাকাবাসী গভীরভাবে শোকাহত।
ঘটনার তদন্তে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ঋণের পরিমাণ, আর্থিক লেনদেন এবং সাম্প্রতিক মানসিক অবস্থার দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।