জাহেদ মিস্ত্রী , বারুইপুর- শুক্রবার থেকে শুরু হল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি ‘আবার জিতবে বাংলা’। রণসঙ্কল্প সভার প্রথম কর্মসূচির জন্য কেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর-কে বেছে নেওয়া হল, সেই প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার প্রথম দিনেই তিনি জানালেন, দক্ষিণ ২৪ পরগনা শুধু একটি জেলা নয়, তাঁর রাজনৈতিক জীবনের কর্মভূমি।

সভামঞ্চ থেকে অভিষেক বলেন, “কালীঘাট আমার জন্মভূমি হতে পারে, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি। এই জেলার মানুষের আশীর্বাদই আমার রাজনৈতিক পথচলার মূল পাথেয়।” সেই কারণেই এই জেলার মাটি থেকেই ‘আবার জিতবে বাংলা’-র কর্মসূচির সূচনা করা হয়েছে বলে জানান তিনি।
বারুইপুরের মাটি থেকে রণসঙ্কল্প শুরু করার পিছনে আরও একটি আবেগঘন কারণের কথাও তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা যখন কোনও শুভ কাজে বের হই, তখন মা-বাবার আশীর্বাদ নিয়ে বেরোই। আমি বারবার বলেছি, কালীঘাটে আমার জন্ম হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি—মৃত্যু যেন এই দক্ষিণ ২৪ পরগনার মাটিতেই হয়।” তাঁর এই বক্তব্যে সভামঞ্চে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে আবেগের ছোঁয়া দেখা যায়।
আরও পড়ুন : বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ তিনবার মুখ্যমন্ত্রী করেছেন এবং সেই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। “যখন সিপিএমের রমরমা ছিল, যখন সিপিএমের সূর্য মধ্যগগনে, তখন পরিবর্তনের চাকা প্রথম ঘুরিয়েছিল এই দক্ষিণ ২৪ পরগনা। ২০১১ সালে বাংলায় যে পরিবর্তন এসেছিল, তার সূতিকাগার ছিল এই জেলা,”—এমনটাই দাবি করেন তিনি। সেই ঐতিহাসিক ভূমিকার কারণেই প্রথম সভার জন্য বারুইপুরকে বেছে নেওয়া হয়েছে বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সভা থেকে ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখাও তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই মাটি থেকেই শপথ নিচ্ছেন যে তিনি বাংলার প্রতিটি প্রান্তে যাবেন। এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবেন বলেও আশ্বাস দেন তিনি।
আগামী দিনের সফরসূচি ঘোষণা করে অভিষেক জানান, শনিবার তিনি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে, ৬ তারিখ বীরভূমে, ৭ তারিখ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে, ৮ তারিখ মালদহে রণসঙ্কল্প সভায় অংশ নেবেন। জানুয়ারি মাসজুড়েই এই কর্মসূচি চলবে বলে জানান তিনি।
আরও পড়ুন : নির্বাচন কমিশনের বিরুদ্ধে ১০ প্রশ্নবাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
সভামঞ্চ থেকে কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, “আপনারা মাঠে-ময়দানে লড়াই করবেন, আর আমি আপনাদের সহকর্মী ও সতীর্থ হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে লড়াই করে যাব।” বিজেপির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, “একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া যাবে না।”
সব মিলিয়ে, বারুইপুরের রণসঙ্কল্প সভা থেকেই তৃণমূল কংগ্রেসের আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের স্পষ্ট রূপরেখা তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।