কলকাতা : SIR (Special Intensive Revision) নিয়ে মতুয়া সম্প্রদায়ের এক বড় অংশের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। ভোটার তালিকায় নাম থাকা-না থাকা নিয়ে তৈরি হওয়া এই সংশয়কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। মতুয়া ইস্যুকে হাতিয়ার করে লাগাতার বিজেপিকে আক্রমণ শানাচ্ছে তৃণমূল কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনে এই ইস্যুর প্রভাব কী হতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বঙ্গ বিজেপির অন্দরেও।

এই আবহেই মঙ্গলবার কলকাতায় বিজেপির কোর গ্রুপের বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মতুয়াদের নাগরিকত্ব ও ভোটার তালিকা সংক্রান্ত উদ্বেগ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, ভারতে আসা অমুসলিম সমস্ত শরণার্থী নাগরিকত্ব পাবেন। একই সঙ্গে তিনি বলেন, মতুয়াদের বিষয়টি তিনি নিজে দেখবেন এবং এই ইস্যুতে বঙ্গ বিজেপির নেতৃত্বকে অতিরিক্ত চিন্তা না করার পরামর্শ দেন।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের একটি বড় অংশ বিজেপির পাশে ছিল। কিন্তু এসআইআর ইস্যু সামনে আসতেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় মতুয়াদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস-সহ প্রায় সব রাজনৈতিক দলই প্রকাশ্যে মতুয়াদের পাশে দাঁড়িয়েছে। ফলে বিজেপির ঐতিহ্যগত মতুয়া ভোটব্যাঙ্ক অটুট থাকবে কি না, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।

কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফরের সময় মতুয়া ইস্যুতে তৃণমূল তাঁকে কটাক্ষ করেছিল। রাজনৈতিক মহলের মতে, এসআইআর ও ভোটার তালিকায় মতুয়াদের নাম থাকা নিয়ে যে প্রশ্ন উঠবে, তা আগে থেকেই আঁচ করেছিলেন অমিত শাহ। সেই কারণেই তিনি সাংবাদিক বৈঠকে প্রকাশ্যে মতুয়াদের আশ্বস্ত করে বলেন, “বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। কেউ কিছু করতে পারবে না।”
মঙ্গলবার রাতে বিজেপির কোর গ্রুপের বৈঠকে এই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা। সূত্রের খবর, মতুয়াদের সংশয় ও আশঙ্কার কথা উঠতেই শাহ স্পষ্ট করে বলেন, নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি তিনি নিজেই দেখবেন এবং এতে দলের রাজ্য নেতৃত্বকে খুব বেশি মাথা ঘামাতে হবে না।

বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি লেখেন, “অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্কে পরিণত করা তৃণমূল সরকারের এই বিধানসভা নির্বাচনে বিদায় নিশ্চিত।” একই সঙ্গে তিনি দাবি করেন, ‘মা, মাটি, মানুষ’ স্লোগানে ক্ষমতায় আসা তৃণমূল সরকারের আমলে রাজ্যে নারী নিরাপত্তা নেই, অনুপ্রবেশ বেড়েছে এবং দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ।
শাহের বক্তব্য, বিজেপির কর্মীরা ঘরে ঘরে গিয়ে তৃণমূলের তোষণ ও দুর্নীতির মুখোশ খুলে দেবে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসআইআর ও মতুয়া ইস্যু ঘিরে তৈরি হওয়া এই বিতর্কই আগামী দিনে বাংলার ভোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।