Children & Social Media concept : ফ্রান্সে ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল সে দেশের সরকার। নাবালকদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন সুরক্ষাকে অগ্রাধিকার দিতেই এই বিল ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনুমোদিত হয়েছে। অনলাইন বুলিং, স্ক্রিন আসক্তি ও মানসিক সমস্যার ঝুঁকি কমাতে এই আইন আনা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

ফ্রান্স — ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই বিলের পক্ষে ভোট পড়েছে ১১৬টি এবং বিপক্ষে ভোট পড়েছে ২৩টি। নিম্নকক্ষে অনুমোদনের পর এবার বিলটি যাবে ফরাসি সিনেটে। সেখানে অনুমোদন মিললে ফের ন্যাশনাল অ্যাসেম্বলিতে চূড়ান্ত ভোটাভুটি হবে। সব ধাপ পেরোলে আইন হিসেবে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ একে “গুরুত্বপূর্ণ পদক্ষেপ” বলে অভিহিত করেছেন। তিনি চান, দ্রুত আইন পাশ হয়ে আগামী শিক্ষাবর্ষের শুরু, অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হোক। সেই লক্ষ্যেই সরকারকে দ্রুততর আইন প্রণয়ন প্রক্রিয়া চালুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
ম্যাক্রোঁ বলেন,
“১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পক্ষে বিজ্ঞানীরা কথা বলছেন এবং ফরাসি নাগরিকদেরও এটাই স্পষ্ট দাবি। আমাদের শিশুদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়। তাদের স্বপ্ন অ্যালগরিদমের হাতে ছেড়ে দেওয়া যায় না।”
তাঁর বক্তব্যে স্পষ্ট, এই আইনের মাধ্যমে উদ্বিগ্ন ও অস্থির প্রজন্ম নয়, বরং ফ্রান্স, প্রজাতন্ত্র এবং তার মূল্যবোধে বিশ্বাসী একটি সচেতন প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
এই আইন কার্যকর হলে ইউরোপে প্রথম দেশ হিসেবে ফ্রান্স নাবালকদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করবে। সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রস্তাবিত আইনে শুধু প্রচলিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়, অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যেকার ‘সোশ্যাল নেটওয়ার্কিং ফিচার’-ও ১৫ বছরের কম বয়সিদের জন্য নিষিদ্ধ করা হবে। অর্থাৎ গেমিং অ্যাপ বা অন্যান্য ডিজিটাল পরিষেবার মধ্যে থাকা সামাজিক যোগাযোগমূলক ফিচারগুলিও এই নিষেধাজ্ঞার আওতায় আসবে।
আরো পড়ুন : রায়দিঘি কলেজে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন
আইন অনুযায়ী, বয়স যাচাইয়ের জন্য ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন মেনে কড়া ভেরিফিকেশন ব্যবস্থা চালু করতে হবে প্ল্যাটফর্মগুলিকে। নাবালকদের সুরক্ষায় ডিজিটাল সংস্থাগুলির উপর দায়বদ্ধতা আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন।
এই কঠোর অবস্থানের নেপথ্যে রয়েছে নাবালকদের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে বাড়তে থাকা উদ্বেগ। ম্যাক্রোঁ আগেও একাধিকবার অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সঙ্গে কিশোর-কিশোরীদের মধ্যে হিংসাত্মক প্রবণতা, উদ্বেগ এবং মানসিক সমস্যার যোগসূত্রের কথা উল্লেখ করেছেন। তিনি অস্ট্রেলিয়ার উদাহরণও তুলে ধরেন, যেখানে গত ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয়েছে।
তবে এই আইন বাস্তবায়ন কতটা সহজ হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। অস্ট্রেলিয়ায় এই ধরনের নিষেধাজ্ঞা চালু হলেও অনেক ক্ষেত্রে নাবালকেরা বয়স গোপন করে বা ভুয়ো তথ্য ব্যবহার করে নিয়ম এড়িয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে সেখানকার প্রশাসন। ফ্রান্সেও বয়স যাচাই, গোপনীয়তা রক্ষা এবং প্রযুক্তিগত প্রয়োগ নিয়ে চ্যালেঞ্জ থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবু ফরাসি সরকারের বক্তব্য, সব ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষার জন্য এই আইন প্রয়োজনীয় এবং সময়োপযোগী। সরকারের মতে, ডিজিটাল দুনিয়ার সুবিধার পাশাপাশি তার ঝুঁকি নিয়ন্ত্রণ করাও রাষ্ট্রের দায়িত্ব—আর সেই দায়িত্ব থেকেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত।