বাংলাদেশ – ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচনের আগে ছাত্রনেতা ওসমান হাদির খুনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পদ্মা পারের দেশ। একের পর এক জায়গায় হিংসা, ভাঙচুর, তাণ্ডব, লুঠপাট, অগ্নিসংযোগ এমনকি খুনের ঘটনাও সামনে আসছে। রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আবহে গোটা দেশ কার্যত অগ্নিগর্ভ। এই পরিস্থিতির মধ্যেই দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশে ফিরেই রাজনৈতিক বার্তায় আক্রমণাত্মক ও আবেগঘন ভাষণে তিনি বলেন, “আপনাদের সামনে বলতে চাই— *I have a plan*।” তাঁর বক্তব্যে উঠে আসে গণতন্ত্র, মানুষের অধিকার, নিরাপত্তা ও ঐক্যের বার্তা। তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। মানুষ চায় তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার। তাঁর কথায়, “প্রিয় ভাইবোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার।”
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে সকল মানুষ সমান—সে সে দেশের বাইরের হোক বা দেশের নাগরিক। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। সকলকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য। “যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, সেই বাংলাদেশ গড়তে চাই আমরা,” বলেন তিনি। তাঁর মতে, এমন এক বাংলাদেশ দরকার যেখানে নারী, পুরুষ, শিশু—যে কেউ ঘর থেকে বেরিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবেন।
তারেক রহমান তাঁর বক্তব্যে দেশের সামাজিক কাঠামোর কথাও তুলে ধরেন। তিনি জানান, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, ৪০ লক্ষেরও বেশি প্রতিবন্ধী মানুষ রয়েছেন। পাশাপাশি ৫ কোটির মতো শিশু এবং প্রায় ৪ কোটি তরুণ প্রজন্মের সদস্য রয়েছে এই দেশে। তাঁর কথায়, “আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই, তবে এই লক্ষ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব।”

৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, “১৯৭১ সালে আমাদের শহিদরা জীবন উৎসর্গ করেছিলেন একটি গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশের জন্য। বিগত ১৫ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে শতশত মানুষ গুম-খুনের শিকার হয়েছেন। শুধু রাজনৈতিক কর্মী নয়, সাধারণ মানুষও অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন।”
২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তরুণ প্রজন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের জীবন দিয়েছে। সেই সূত্রেই সম্প্রতি ছাত্রনেতা ওসমান হাদির হত্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “ওসমান হাদি শহিদ হয়েছেন। এই শহিদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তেই হবে।”

শেষে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ধৈর্য ও ঐক্যই আগামী দিনের পথ। তরুণরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে। বক্তব্যের শেষাংশে মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “I have a dream-এর কথা আপনারা শুনেছেন। আজ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই— *I have a plan*।”