নিজস্ব প্রতিবেদক,কোচবিহার- বড়দিনের সকালে কোচবিহারের মাথাভাঙা থানার অন্তর্গত হাজরাহাট এলাকায় প্রেমঘটিত বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটল। এই ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের এবং গুরুতরভাবে আহত হয়েছেন আরও ছ’জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা ও আতঙ্ক।
মৃতদের নাম যাদব সরকার ও তাঁর বাবা মানব সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পাশের গ্রামের বাসিন্দা ফালান শিকদারের মেয়ের সঙ্গে যাদব সরকারের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, বুধবার যাদব ওই তরুণীকে নিয়ে বাড়ি চলে আসে। যদিও পরে মেয়েটি নিজ বাড়িতে ফিরে যায়। কিন্তু সেই ঘটনার পর থেকেই দুই পরিবারের মধ্যে চরম অশান্তি শুরু হয়।

পরিবারের দাবি, বুধবার সন্ধ্যায় মেয়েটি বাড়ি ফেরার পর তাঁর পরিবারের লোকজন তাঁকে মারধর করে। এরপর বৃহস্পতিবার সকালে শিকদার পরিবারের লোকজন সরকার পরিবারকে ফোন করে দেখা করার জন্য ডাকে। অভিযোগ, কথা বলার নাম করে বাইরে ডেকে এনে সরকার পরিবারের উপর হামলা চালানো হয়।
মৃত যাদব সরকারের জেঠু বিজয় সরকার বলেন, “সকালবেলা ওরা ফোন করে আমাদের বাইরে আসতে বলে। আমরা যেতেই রাস্তায় ওরা আমাদের উপর চড়াও হয়। ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আমার ভাই মানব আর ভাইপো যাদবকে কুপিয়ে মেরে ফেলা হয়।” পরিবারের আরও এক সদস্য অর্জুন সরকারের দাবি, হামলাকারীর সংখ্যা ছিল প্রায় ১৫ থেকে ২০ জন। “প্রথমে কথা কাটাকাটি হয়, তারপরই ওরা দলবেঁধে মারধর শুরু করে,” বলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, হামলাকারীরা ধারাল অস্ত্রের পাশাপাশি লাঠি ও রড ব্যবহার করে বেধড়ক মারধর চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন যাদব ও মানব সরকার। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা যাদব ও মানব সরকারকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ছ’জন আহতকে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাজরাহাট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ এলাকায় টহল দিচ্ছে এবং যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে।
মাথাভাঙা থানার পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। প্রেমঘটিত বিবাদ থেকে কীভাবে এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বড়দিনের আনন্দ মুহূর্তের মধ্যেই রূপ নেয় শোক ও আতঙ্কে।