Suvendu Adhikari : আমি প্রথম টাকা পাঠাব’—দীপু দাসের বাবার সঙ্গে ফোনে কথা বলে জানালেন শুভেন্দু !

তপন কুমার দাস ,গঙ্গাসাগর- বাংলা থেকে নিহত দীপু দাসের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক অনুদান পাঠানোর ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার গঙ্গাসাগরের একটি সভা থেকে এই ঘোষণা করেন তিনি। সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জানান, বাংলাদেশে ময়মনসিংহে নিহত যুবক দীপু চন্দ্র দাসের বাবার কাছে সরাসরি অর্থ সাহায্য পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের কাছেও আবেদন জানান, নিজেদের সামর্থ্য অনুযায়ী দীপু দাসের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।

বাংলাদেশে হিন্দু যুবক খুনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া

গঙ্গাসাগরের সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “বাংলাদেশ থেকে যদি বাবরি মসজিদ তৈরির জন্য টাকা আসতে পারে, তাহলে বাংলার হিন্দুরাও বাংলাদেশে নিহত দীপু দাসের পরিবারের পাশে দাঁড়াতে পারবেন।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। সভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, দীপু দাসের পরিবারের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং অত্যাচারিত সংখ্যালঘু পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশের বিষয়।

 

শুভেন্দু অধিকারী জানান, বুধবার তিনি ফোনে দীপু দাসের বাবার সঙ্গে কথা বলেছেন। ভিডিও কলে কথোপকথনের সময় তিনি দাস পরিবারকে আশ্বস্ত করেন যে, তারা একা নন। বিরোধী দলনেতা বলেন, “আমি দীপু দাসের বাবাকে অনুরোধ করেছি একটি অ্যাকাউন্ট নম্বর দিতে। আমি নিজেই প্রথম অর্থ পাঠাব।” এরপর সভা থেকে উপস্থিত সকলকে আবেদন জানান, ওই অ্যাকাউন্টে নিজেদের মতো করে আর্থিক সাহায্য পাঠাতে।

গঙ্গাসাগরের সভা থেকে দীপু দাসের পরিবারকে আর্থিক অনুদানের ঘোষণা শুভেন্দু অধিকারীর

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশে ময়মনসিংহ জেলার এক যুবক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়। স্থানীয় একটি কারখানায় কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, সেই রাতে একদল উগ্রপন্থী দীপুকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর তাঁর ওপর চলে নির্মম গণপিটুনি। মারধরের জেরেই মৃত্যু হয় দীপু দাসের। কিন্তু সেখানেই থেমে থাকেনি নৃশংসতা। অভিযোগ অনুযায়ী, দুষ্কৃতীরা দীপুর মৃতদেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেয়।

অভিযুক্তরা শুধু হত্যাই করেনি, সেই ভয়াবহ ঘটনার পর উল্লাস করতেও দেখা যায় তাদের। জ্বলন্ত দেহের ভিডিও মোবাইলে ধারণ করে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ফেসবুকে ভাইরাল হওয়া সেই ভিডিও দেখেই দীপু দাসের বাবা ছেলের মৃত্যুর খবর জানতে পারেন। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সেই প্রেক্ষিতেই দীপু দাসের পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী হলেন শুভেন্দু অধিকারী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *