ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবনে বৃষ্টি! বিপদের মুখে পাকা ধান ও আলুচাষ, মাথায় হাত কৃষকদের

হাসানুজ্জামান, বসিরহাট:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন। উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় সকাল থেকেই শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। আর এই বৃষ্টিতেই নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষকরা। বিশেষ করে জমিতে থাকা পাকা ধান এবং আলু চাষের প্রস্তুতি নিয়ে উদ্বেগ বাড়ছে তাঁদের।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ থেকে ২১ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়টি ওড়িশার পুরী উপকূলের কাছাকাছি আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্র ও নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে।
দুর্বল নদীবাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দুর্যোগের আশঙ্কার পাশাপাশি সবচেয়ে বেশি চিন্তায় রয়েছেন কৃষকরা।
সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় চলছে শীতকালীন সবজি ও আলু চাষের প্রস্তুতি। অন্যদিকে বহু জমিতে এখনও পাকা ধান রয়েছে। এই পরিস্থিতিতে লাগাতার বৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়া হলে ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
স্থানীয় কৃষক সন্তু মণ্ডল জানান, সুন্দরবন মূলত এক ফসলি এলাকা। বছরের একটি ফসলের উপর নির্ভর করেই বহু কৃষক সংসার চালান। প্রাকৃতিক দুর্যোগে সেই ফসল নষ্ট হলে তাঁদের বড় আর্থিক সমস্যার মুখে পড়তে হবে। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, হিঙ্গলগঞ্জ ব্লক মণ্ডল-১-এর কিষান মোর্চার সভাপতি তপন জোরদার কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, কৃষকদের পাশে তাঁরা সব সময় ছিলেন, এখনও রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন।
সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় একদিকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে ফসলের ক্ষতির আশঙ্কা—দুইয়ের মাঝে দুশ্চিন্তায় দিন কাটছে সুন্দরবনের সাধারণ মানুষ ও কৃষকদের।