‘দেশের সেবায়’ নিজেকে উৎসর্গের অঙ্গীকার, শপথের ৬৬ দিনের মাথায় ইস্তফা কোয়েল মল্লিকের?
TMC MP Koel Mallick: টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফার খবর ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের দাবি, শপথ নেওয়ার মাত্র ৬৬ দিনের মাথায় তিনি নিজের পদত্যাগপত্র ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

কলকাতা: রাজনীতির সঙ্গে কোয়েল মল্লিকের সরাসরি যোগ খুব একটা ছিল না। বরাবরই নিজেকে রাজনৈতিক বিতর্কের বাইরে রেখেছেন তিনি। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করা হলে অনেকেই বিস্মিত হয়েছিলেন। গত ৬ এপ্রিল দিল্লিতে সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন কোয়েল। শপথের পর তিনি জানিয়েছিলেন, বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত এবং দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তাঁকে কার্যত নীরবই দেখা গিয়েছে। দলের একের পর এক সাংসদের পদত্যাগের পরও কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। দিল্লিতে তাঁর উপস্থিতিরও কোনও খবর মেলেনি। এর মধ্যেই পদত্যাগের জল্পনা আরও জোরদার হয়েছে।
সূত্রের খবর, কোয়েল মল্লিক কলকাতা থেকেই ই-মেইলের মাধ্যমে তাঁর ইস্তফাপত্র পাঠিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে তাঁর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে এ ধরনের কোনও তথ্য নেই। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে, তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের পরিবারের তরফেও জানানো হয়েছে, এ বিষয়ে যা বলার কোয়েল নিজেই বলবেন।
উল্লেখ্য, কোয়েল মল্লিকের আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার আরও কয়েকজন সাংসদ পদত্যাগ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। তবে কেউই এখনও পর্যন্ত দলত্যাগের ঘোষণা করেননি।
কোয়েল মল্লিকের সম্ভাব্য পদত্যাগের খবর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। এখন সকলের নজর অভিনেত্রীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে।