ধূপগুড়িতে সরকারি বাস থেকে মহিলাদের নামিয়ে দেওয়ার অভিযোগ! ফ্রি বাস পরিষেবার প্রথম দিনেই বিতর্ক

ধূপগুড়িতে সরকারি বাস থেকে তিন মহিলাকে নামিয়ে দেওয়ার অভিযোগ। মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালুর প্রথম দিনেই বিতর্ক, তদন্তের দাবি উঠল।

সরকারি বাসে মহিলাদের নামিয়ে দেওয়ার অভিযোগ, পরিষেবা শুরুর প্রথম দিনেই বিতর্ক ধূপগুড়িতে

ধূপগুড়ি বাসস্ট্যান্ডে সরকারি বাসে উঠতে অপেক্ষারত মহিলা যাত্রীরা।

 


ধূপগুড়ি: রাজ্য সরকারের ঘোষণামতো ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হয়েছে। কিন্তু পরিষেবা শুরুর প্রথম দিনেই ধূপগুড়িতে সরকারি বাস থেকে তিন মহিলাকে নামিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ধূপগুড়ি থেকে ইসলামপুরের সোনাপুর যাওয়ার উদ্দেশ্যে তিন মহিলা একটি সরকারি বাসে ওঠেন। তাঁদের দাবি, বাসে আসন খালি থাকা সত্ত্বেও কন্ডাক্টর তাঁদের নেমে অন্য বাসে যেতে বলেন। শেষ পর্যন্ত তাঁরা বাস থেকে নেমে অন্য বাসে নিজেদের খরচে যাত্রা করেন।

অভিযোগকারী যাত্রী পুতুল দাস বলেন, “সরকারি বাসে মহিলাদের জন্য ভাড়া ফ্রি করা হয়েছে, কিন্তু যদি বাসেই উঠতে না দেওয়া হয়, তাহলে সেই সুবিধার কী অর্থ থাকে?”

আরেক যাত্রী বিনা দাসেরও একই অভিযোগ। তাঁর দাবি, বাসে কয়েকটি আসন খালি ছিল। তবুও তাঁদের নিয়ে যাওয়া হয়নি এবং তিনজনকেই নামিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত নিত্যযাত্রী মন্টি রায় প্রধান বলেন, “সরকার যখন মহিলাদের জন্য এই সুবিধা চালু করেছে, তখন এমন ঘটনা হওয়া উচিত নয়। বিষয়টির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

তবে বাসের কন্ডাক্টর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কাউকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়নি। যাত্রীরা বসার আসন চাইছিলেন, কিন্তু বাসটি আগে থেকেই ভিড়ে পূর্ণ ছিল। তাই তাঁদের আসন দেওয়া সম্ভব হয়নি। তিনি অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন।

ঘটনার জেরে ধূপগুড়ি বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের একাংশ মহিলাদের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হওয়ার পরও কেন তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হল।

এদিকে বিজেপি নেতা চন্দন দত্ত বলেন, “মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। প্রথম দিন বাসের তুলনায় যাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল। তবে যদি কাউকে বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে তা কখনওই কাম্য নয়।”

প্রসঙ্গত, পরিষেবা চালুর প্রথম দিনেই বিভিন্ন রুটে সরকারি বাসে মহিলাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এই ঘটনার পর পরিষেবা পরিচালনা ও যাত্রী ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *